প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় যা জানাল এনসিপি

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিক্রিয়া দলীয় ফোরামে আলোচনা করে জানানো হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যার আগেই এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানোর সম্ভাবনা কম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ তথ্য জানান।
আজ দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হবে।
প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এতে কোনোভাবেই সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোটের আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন উপযুক্ত সময়ে প্রণয়ন করা হবে।
এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার দুপুরে তিনি এ আদেশে স্বাক্ষর করেন।
ভোরের আকাশ/এসএইচ