ছাত্রদল নেতা দোলনের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত মো. দোলন ভূঁইয়ার সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সংগঠনের একটি প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মো. দোলন ভূঁইয়ার বাসায় যান। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহত মো. দোলন ভূঁইয়া’র চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। তার হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী।
এসময় সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন গুরুতর আহত মো. দোলন ভূঁইয়ার প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে সর্বাত্মক সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদত হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।
প্রসঙ্গত, সম্প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ডান হাত ভূমিদস্যু কাওসার কর্তৃক মারাত্মকভাবে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মো. দোলন ভূঁইয়া এবং তার ডান হাত সম্পূর্ণ অকেজো হয়ে যায়।
ভোরের আকাশ/এসএইচ