জয়নুল আবদিন ফারুক
নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে সবাই ঐক্যবদ্ধ থাকুন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জাতীয় সংসদেও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ এবং পাঁচ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের ১, ২, ৩, ৪ ও ৫ নং ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এই চিফ হুইপ বলেন, কেউ কেউ নির্বাচন ঠেকানোর জন্য চক্রান্ত করছে, যাতে বিএনপি ক্ষমতায় না আসে। তারেক রহমান যাতে ক্ষমতায় না আসেন, প্রধানমন্ত্রী হতে না পারেন। সে জন্য নির্বাচন বন্ধ করতে চায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। যত বড় ষড়যন্ত্রই হোক, নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা বুকের সাহস নিয়ে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, সেই সকল মানুষের এখনও একইভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করতে বা নির্বাচন বানচাল করতে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে যারা অপরাজনীতি বা জবরদস্তির পথ বেছে নিতে চায়, তাদের বিরুদ্ধে সচেতন প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি সকলকে সংগঠিত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে মাঠে- ময়দানে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
ভোরের আকাশ/এসএইচ