গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে কোনো ঐক্যই স্থায়ী হবে না: জামায়াত আমির

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে কালক্ষেপণ করলে জাতীয় ঐক্য ভঙ্গুর হয়ে পড়বে এবং কোনো ঐক্যই স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার দিনব্যাপী অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে তরুণ ও যুবকদের আত্মত্যাগের মধ্য দিয়ে জাতি একটি গৌরবময় বিপ্লবের অংশীদার হয়েছে। দীর্ঘ সাড়ে ১৬ বছর ফ্যাসিবাদী শাসনের যাঁতাকলে জাতি পিষ্ট হয়েছে। এ সময়ে জামায়াতের শীর্ষ ১১ নেতাকে অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। অনেক নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া, চাকরি কেড়ে নেওয়া এবং ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস করার ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল এবং বেআইনিভাবে দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল। শুধু জামায়াত নয়, আরও অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের অনেকে দেশেও থাকতে পারেননি।
জামায়াতের আমির বলেন, জাতীয় নির্বাচনের আগের দিন পর্যন্ত জাতির প্রতি তাদের এবং অন্য রাজনৈতিক পক্ষগুলোর বক্তব্য একই ছিল। কিন্তু সরকার গঠনের পর কীভাবে ও কেন সেই অবস্থান পরিবর্তন করা হলো, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। এ পরিস্থিতিতে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে—বাংলাদেশ আদৌ বসবাসের জন্য নিরাপদ হবে কি না।
তিনি অভিযোগ করেন, জুলাইয়ের অঙ্গীকার পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে কোনো কিছুর বিনিময়ে তারা অবস্থান পরিবর্তন করবেন না বলেও জানান তিনি।
সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, সমস্যা সরকার তৈরি করেছে, তাই সমাধানের দায়িত্বও তাদের নিতে হবে। জনগণ পুরোনো ফ্যাসিবাদ কিংবা নতুন কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না।
স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, এটি জাতির সঙ্গে প্রতারণার শামিল। সংবিধান সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনা হলে আদালতের হস্তক্ষেপের সুযোগ থাকবে না। কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা হলে আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে জামায়াতের আমির বলেন, নারী, শিশু ও সাধারণ মানুষ নিরাপদ নয়। মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার ঘটেছে। স্কুলের গেট ও ভেতরেও মাদক বিক্রির ঘটনা ঘটছে। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও মানুষের জানমালের নিরাপত্তায় সরকারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দুর্নীতি নিয়ন্ত্রণেও সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই।
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, তারা আলোচনায় বসতে প্রস্তুত। তবে সেখানে দলের নিজস্ব দাবি নয়, জনগণের দাবি তুলে ধরবেন। পোশাকশিল্পে অস্থিরতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে দেশ বাঁচবে। তাই মজুরি বোর্ডের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি শিল্পের নিরাপত্তা ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
মানুষের অধিকার প্রতিষ্ঠায় জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু একটি বাহিনীর পক্ষে সবকিছু করা সম্ভব নয়। সীমান্তে অবৈধভাবে মানুষ পুশ-ইনের চেষ্টা জনগণ ও বিজিবি যৌথভাবে প্রতিহত করেছে। দেশ ও জাতির নিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত চুক্তি জাতীয় সংসদে উপস্থাপনের দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এসব চুক্তি শুধু সরকারের সঙ্গে সংশ্লিষ্ট নয়, দেশের ভাগ্যের সঙ্গেও জড়িত। চুক্তির মাধ্যমে কী দেওয়া হয়েছে এবং বিনিময়ে কী পাওয়া যাচ্ছে, তা জানার অধিকার জনগণের রয়েছে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা ও আধিপত্যবাদমুক্ত দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে যুবসমাজকে সম্পৃক্ত করতে চায় দলটি। যুবসমাজের প্রত্যাশা পূরণ করে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
অধিবেশনে সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান। সঞ্চালনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এতে দলের নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র