শহীদ মিনারে এনসিপির সমাবেশ শুরু
জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ও ঘোষণা করবে দলটি।
রোববার (৩ আগস্ট) বিকেল পৌনে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল বলেন, আমার ভাই জীবনের বিনিময়ে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকের এই সমাবেশ। আমি চাই, এভাবে আর কোনো ভাই তার আদরের টুকরা ভাইকে না হারাক, কোনো মায়ের বুক খালি না হোক, বাংলাদেশ স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াক।

এদিকে সমাবেশস্থলে রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত বড় আকারের কয়েকটি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে জুলাই আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ ভিডিওচিত্র, যা আন্দোলনের ইতিহাস ও প্রেক্ষাপটকে জীবন্ত করে তুলছে।
দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিটের পাশাপাশি উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নেতা-কর্মীরাও উপস্থিত আছেন। উপস্থিত আছেন—এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় নেতারা।
এদিকে সমাবেশস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলা ২টার দিকে সেখানে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াডকে টহল দিতে দেখা গেছে।
সমাবেশে বক্তব্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের কেন্দ্রীয় নেতারা।
দলটির একটি সূত্র জানিয়েছে, শহীদ মিনারের এই সমাবেশে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে ২৪টি পয়েন্ট বা ইশতেহার ঘোষণা করা হবে। যেখানে, পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ বিভিন্ন বিষয়ে দলটির পরিকল্পনা ইশতেহার আকারে তুলে ধরা হবে।
ভোরের আকাশ/এসএইচ