জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খাঁনের
‘যুক্তিতে না পেরে মিথ্যার আশ্রয় নেয় জামায়াত’

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন জামায়াত-শিবিরের তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, মিথ্যা ও প্রোপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে জামায়াত-শিবির আওয়ামী লীগের চেয়েও এগিয়ে।
বৃহস্পতিবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পৃথক দুটি স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, অতীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় আহত হওয়ার পুরোনো ছবি জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ভিন্নভাবে প্রচার করছেন। তাদের দাবি, তিনি কোনো অপকর্ম করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন। এ ধরনের প্রচারণাকে তিনি ‘মিথ্যা’ ও ‘গুজব’ বলে উল্লেখ করেন।
তিনি লেখেন, এসব বিভ্রান্তিকর পোস্ট দেখে অনেকেই তাকে ফোন ও বার্তা দিয়ে খোঁজখবর নিয়েছেন। পরে বিষয়টি পরিষ্কার করতে তিনি ফেসবুকে ব্যাখ্যা দেন।
আরেক স্ট্যাটাসে রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত থাকলে আওয়ামী লীগের আর প্রয়োজন নেই। আওয়ামী লীগের চরিত্র পুরোপুরি রপ্ত করতে পেরেছে তারা।’
তিনি আরও লেখেন, ‘জামায়াত-শিবির এত ঘৃণ্য আগে বুঝিনি। যুক্তিতে না পেরে তারা মিথ্যার আশ্রয় নেয়। মিথ্যা ও প্রোপাগান্ডায় তাদের কাছে আওয়ামী লীগও শিশু।’
ভোরের আকাশ/এনএ