চাঁদাবাজি বাদ না দিলে কমপ্লিট লালকার্ড: জামায়াত আমির

দেশে চাঁদাবাজির পেশা ভালো চলছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না। কিন্তু চাঁদাবাজি বাদ না দেন আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি, আমাদের পক্ষ থেকে কমপ্লিট লালকার্ড।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আজকের জনসভা থেকে যারা এই পেশায় (চাঁদাবাজিতে) যুক্ত তাদেরকে অনুরোধ করবো ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব, ইনশাল্লাহ।
তিনি বলেন, এই দেশে নতুন একটি পেশা এখন ভালো চলছে। এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন? কি নাম? চাঁদাবাজি।
উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা কেউ চাঁদাবাজের ভাই হতে রাজি আছেন? পিতা হতে রাজি আছেন? সন্তান হতে রাজি আছেন? কেউ চাঁদাবা্জের স্ত্রী হতে রাজি আছেন? মা হতে রাজি আছেন? বোন হতে রাজি আছেন? নাই।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন,দেশে আর ফ্যাসিবাদকে দেখতে চাই না। যারা জনতার এই মনের ভাষা বুঝতে পারছে না, জনগণ ১২ ফেব্রুয়ারি তাদের এ ভাষা বুঝিয়ে দেবেন।
গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’ মানে আজাদি,‘না’ মানে গোলামি। ফ্যাসিবাদের শেকড় উৎপাটন করতে হলে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে।
নারীদের উপেক্ষা করে দেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রগতিতে জামায়াত নারীদের সম্পৃক্ত করবে। জামায়াত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তুলবে। ঘরে-বাইরে নারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। কর্মজীবী নারীদের জন্য ইভনিং বাস সার্ভিস চালু করা হবে বলে জানান তিনি।
ভোরের আকাশ/এসএইচ