বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
আগামী ১ সেপ্টেম্বর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সভাপতি খায়রুল কবির খোকন এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
কর্মসূচি অনুযায়ী, আগামী ৩১ আগস্ট দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর ভোরে দলীয় পতাকা উত্তোলন, আর বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের সমাধিতে দোয়া, ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবে বিএনপি। একইদিন সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হবে।
এরপর ২ সেপ্টেম্বর দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টন থেকে বর্ণাঢ্য র্যালি বের করবে দলটি। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে। ৪ সেপ্টেম্বর বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করবে বিএনপি। ৫ সেপ্টেম্বর রাজধানীতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গোলটেবিল বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ