খালেদা জিয়ার জানাজা কাল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ওইদিন ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদার জানাজার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ আরও জানান, বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন। এরপর আজ সকালে তার দেশ ও জনতাকে শোকের সাগরে ভাসিয়ে খালেদা জিয়া চলে যান না ফেরার দেশে।
ভোরের আকাশ/এসএইচ