রাষ্ট্রের সংস্কার ছাড়া অন্য কিছু মানব না: তাসনিম জারা

রাষ্ট্রের সংস্কার ছাড়া অন্য কিছু মানা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
সোমবার (৪ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘মুগ্ধ মঞ্চ’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার কড়া সমালোচনা করে ডা. জারা বলেন, যেই সংবিধান নিজের নাগরিককে গুম-খুনের অধিকার দেয়, সেই সংবিধান আমাদের দরকার নেই। যেই পুলিশ নাগরিকের ওপর গুলি চালায়, সেই পুলিশ নতুন বাংলাদেশে থাকতে পারে না। কিন্তু প্রশ্ন হলো—পুলিশ সংস্কারের অগ্রগতি কতদূর?
তিনি বলেন, মুগ্ধ শুধু একজন শহিদ নয়, তিনি আমাদের বিকল্প রাজনীতির প্রতীক। আমরা তার আদর্শে পথ চলছি। তার স্বপ্নের বাংলাদেশ গড়তেই এই মঞ্চ, এই আন্দোলন।
অনুষ্ঠানে এনসিপি ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
ভোরের আকাশ/এসএইচ