শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

বিদেশ থেকে উসকানি দিয়ে লাভ হবে না: রিজভী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, পলাতক শক্তি ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তবে ধৈর্যের সীমা যাতে ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। বিদেশ থেকে উসকানি দিয়ে কোনও লাভ হবে না।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ গঠন করেছিলেন, পরে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের লোকেরাই তাকে ‘ভারতের চর’ বলেছিলেন। অথচ আজ তারাই ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য পুলিশের গাড়িতে ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল মারছেন। তারা কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তায় নাশকতার নির্দেশ দিচ্ছেন এবং দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ​দীর্ঘ ১৭ বছর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও পরে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রাম এবং চব্বিশের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও শ্রমিকের আত্মত্যাগের বিনিময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়েছে। আবারও বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের সেই ‘জমিদারি’ ফিরে পেতেই বোমাবাজি করে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে। তবে যে জাতি মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে বা বোমা মেরে দমানো যাবে না।

​মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে মওলানা ভাসানী আজীবন সংগ্রাম করেছেন। ১৯৫৭ সালেই তিনি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তান টিকবে না এবং এ দেশ স্বাধীন হবে। তিনি তখনই পাকিস্তানকে ওয়ালাইকুম আসসালাম বলেছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে তিনি সবাইকে ঐক্যবদ্ধ রাখার ভূমিকা পালন করেছিলেন।

আরও পড়ুন

আ.লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির সময়ে ও ১৯৭৬ সালে ফারাক্কা মিছিলের মাধ্যমে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলে। তবে মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী এখনও রচিত হয়নি। উত্তর প্রজন্মের কাছে তার আদর্শ তুলে ধরতে তার সংগ্রামী জীবন নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন।

​বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল ও ওলামা দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: