রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন না হলে নির্বাচন প্রত্যাখান করবে এনসিপি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন না হলে দলটি নির্বাচনে অংশ নেবে না। শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন আনে, কিন্তু গণঅভ্যুত্থান রাষ্ট্রের কাঠামো বদলায়। সেই কাঠামোগত পরিবর্তন ছাড়া আমরা নির্বাচন প্রত্যাখ্যান করবো।”
তিনি আরও উল্লেখ করেন, “গত এক বছরে বাংলাদেশ সংস্কারের পথে এগিয়েছে, কিন্তু বাধাগ্রস্তও হয়েছে। এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে—সংস্কার হবে, নাকি নির্বাচন হবে সংস্কার ছাড়াই। আমরা স্পষ্টভাবে নতুন সংবিধান এবং প্রতিষ্ঠানগুলোর সংস্কারের দাবি জানাচ্ছি।”
নাহিদ ইসলাম বলেন, এই গণঅভ্যুত্থান দেশের আগের যেকোনো আন্দোলনের চেয়ে ভিন্ন এবং তরুণদের মধ্যে নতুন রাজনৈতিক শক্তি ও অংশগ্রহণ উজ্জীবিত করেছে।
ভোরের আকাশ/হ.র