‘এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ইসির ওপর আস্থা রয়েছে’

এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আমরা কোনো অনাস্থা নিয়ে আসিনি। ইসির ওপর আমাদের আস্থা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (৮ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা বৈঠকে রয়েছেন।
অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশের ১৮ কোটি মানুষ একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে। রমজানের আগেই নির্বাচন আয়োজনের যে অঙ্গীকার করা হয়েছে, তার জন্য তফসিল ঘোষণার সময় এখন প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা কমিশনের কাছে সুনির্দিষ্ট অবস্থান জানতে এসেছি।
তিনি বলেন, বৈঠকে ভোটকেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি মোতায়েন, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান, প্রবাসী ভোটারদের নিবন্ধন জটিলতা এবং ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মতো বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
অধ্যাপক পরোয়ার অভিযোগ করেন, বর্তমান প্রশাসনিক পরিবেশ এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নয়। তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তারা নির্বাচন কমিশনকে সুনির্দিষ্টভাবে জানাবেন আর কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
দেশের আইন-শৃঙ্খলার গুরুতর অবনতি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা দেখছি একটা দলের সবার ওপরে অন্য দলের হামলা। এমনকি নারীরাও তাদের ভোটের কাজে, গণসংযোগে গিয়ে নির্যাতিত নিপীড়িত হচ্ছেন। এইসব পরিস্থিতি নির্বাচন কমিশনকে অবহিত করেছি। এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠ হবে কি কি আশঙ্কা আছে। উনারা এই চ্যালেঞ্জ কিভাবে ফেস করবেন সে ব্যাপারে উনাদের কি পদক্ষেপ নিচ্ছেন, সেগুলো বুঝবার জন্যই মূলত এই বৈঠক হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ