নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর পদ্ধতির দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়ে দিয়েছে, তারা কোনো জোটভুক্ত আন্দোলনের অংশ হবে না; বরং নিজস্ব রাজনৈতিক লক্ষ্য নিয়েই এগোবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি নিম্নকক্ষ নয়, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি বাস্তবায়ন দেখতে চায়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আবু সাঈদ মিলনায়তনে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের অক্ষমতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতার কারণেই আওয়ামী লীগ বিভিন্ন স্থানে অবাধে মিছিল করতে পারছে। তিনি দাবি করেন, সরকারিভাবেই তাদের সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপি আহ্বায়ক বলেন, প্রতীক নিয়ে এখনও কিছু বলেননি, তবে নিবন্ধন পাওয়ার বিষয়ে তারা নিশ্চিত। তিনি আশা প্রকাশ করেন, শাপলা প্রতীক হিসেবে পাবে এনসিপি।
নাহিদ ইসলাম জানান, তারা সংস্কারের আইনি ভিত্তি চান এবং জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে আয়োজনের পক্ষে। তিনি আশা প্রকাশ করেন, অক্টোবরের মধ্যেই সমন্বয় কমিটি থেকে সারাদেশে আহ্বায়ক কমিটি গঠন করা সম্ভব হবে।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
ভোরের আকাশ // হ.র