চিকিৎসা শিক্ষার্থীদের স্বার্থে আদ-দ্বীন হাসপাতাল চালুর আহ্বান

বিকল্প কোনো ব্যবস্থা ছাড়া আদ-দ্বীন হাসপাতাল বন্ধ রাখায় প্রায় ৭৫০ জন মেডিকেল এবং সমসংখ্যক নার্সিং শিক্ষার্থীর একাডেমিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় হাসপাতালটি দ্রুত চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, কেবল পাঠ্যবই পড়ে দক্ষ চিকিৎসক বা নার্স হওয়া সম্ভব নয়। ব্যবহারিক শিক্ষা ও রোগীর সংস্পর্শ চিকিৎসা শিক্ষার অপরিহার্য অংশ। তাই কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ বা অনিয়ম থাকলে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করে হাসপাতাল বন্ধ রাখা সমাধান হতে পারে না।
তিনি আরও বলেন, দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বিপুলসংখ্যক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে। মাঝপথে হাসপাতাল বন্ধের মতো সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্য খাত প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, সরকারি ও বেসরকারি—উভয় খাতেই সমানভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারি প্রতিষ্ঠানে কোনো অনিয়ম বা গাফিলতি হলে তার বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বাজেট আলোচনায় তিনি প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় একটি সর্বদলীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। মালয়েশিয়ার শ্রমবাজারে অনিয়ম ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। একই সঙ্গে বিদেশে প্রতারণার শিকার হয়ে কারাগারে আটক বাংলাদেশি শ্রমিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
রাজনৈতিক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান জুলাই আন্দোলনের শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়নের পাশাপাশি গুম, খুন ও রাজনৈতিক সহিংসতার সব ঘটনার নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি দেখতে চান বলেও উল্লেখ করেন।
নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল)-এর পানি সংকট, ঢাকা-সিলেট চার লেন মহাসড়কের ধীরগতির নির্মাণকাজ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসন এবং ভোলা সেতু নির্মাণের বিষয়েও তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সঙ্গে আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়ন দেখতে চায়। অতীতের বিভেদ ও বৈষম্য দূর করে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
ভোরের আকাশ/জেআ