কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও হেলপার।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরাইল উপজেলার বৈশামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং একই এলাকার ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, সকালে ইটবোঝাই ট্রাকটি চারগাছের দিকে যাওয়ার সময় মান্দারপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় আহত চালক ও হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/জেআ