‘হয়তো আবার আমাদের রাস্তায় নামতে হবে’—ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে সম্প্রতি ক্ষমতার লোভ, দখলদারিত্ব ও হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে আবারও রাজপথে নামতে হতে পারে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটায় জামায়াত-শিবিরের দুই কর্মী হত্যার বিচার দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সম্প্রতি সাঘাটায় সন্ত্রাসী হামলায় জামায়াতের দুই কর্মী নিহত হয়েছেন। এতে তাদের বাবা-মা সন্তান হারিয়েছেন। তাদের পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করে তিনি গভীরভাবে ব্যথিত হয়েছেন বলেও জানান।
তিনি বলেন, আর কোনো বাবা-মায়ের বুক যেন খালি না হয়। বাংলাদেশকে একটি নিরাপদ, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, প্রয়োজনে আবারও রাজপথে নামতে হতে পারে। ২০২৪ সালে যেভাবে মানুষ রাজপথে নেমে এসেছিল, সেভাবেই সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
সাঘাটার বোনারপাড়া এলাকার কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিমসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
জনসভা থেকে সাঘাটায় জামায়াত-শিবিরের দুই কর্মী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
ভোরের আকাশ/জেআ