‘জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে রাস্তায় নামতে হবে না’

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে এক মিনিটের জন্যও কর্মস্থল ফেলে রাস্তায় আসতে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, জামায়াত ক্ষমতায় এলে ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা আর রাখা হবে না। এমন শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, যা মানুষকে কেবল জ্ঞান নয়, নৈতিকতা শেখাবে। যে শিক্ষা দুর্নীতি ও অনৈতিকতার জন্ম দেয়, সেই শিক্ষাকে বিদায় জানানো হবে। বরং এমন শিক্ষা দেওয়া হবে যা মানুষকে প্রকৃত অর্থে মানুষ বানাবে, অন্যকে সম্মান করতে শেখাবে। নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয়ে এমন পরিবেশ তৈরি করা হবে, যেখানে শিক্ষাজীবন শেষে কেউ বেকার থাকবে না। সবাই হয় উদ্যোক্তা হবে, নয়তো চাকরির সুযোগ পাবে।
তিনি বলেন, শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারো মর্যাদা নির্ধারণ হবে না। কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করা হবে।
এসময় তিনি আরো অঙ্গীকার করেন, জামায়াত ক্ষমতায় এলে দেশে দুর্নীতির জোয়ার কেটে দেওয়া হবে। বলেন, এতে অনেকের অস্বস্তি তৈরি হবে, তবে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দুর্নীতি দমন জরুরি। একই সঙ্গে প্রতিটি সেবার গুরুত্ব ও গভীরতার ভিত্তিতে বেতন কাঠামো নির্ধারণের প্রতিশ্রুতিও দেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের আস্থা ও ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে আর কাউকে বঞ্চিত হতে হবে না। ইনসাফের মাধ্যমে প্রত্যেকেই তার প্রাপ্য অধিকার পাবে।
ভোরের আকাশ/এসএইচ