ডাকসুর বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রতিক্রিয়া জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ডাকসুতে যারা বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের রীতি অনুযায়ী সবাইকে অভিনন্দন জানাতে হবে। যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে, কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে, যা স্বাভাবিক।
বিএনপির এই নেতা দাবি করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরাসরি ডাকসু ভোটে অংশ নেয়নি। ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ হিসেবে যারা বিজয়ী হয়েছেন, তাদের অভিনন্দন।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ডাকসু বা চাকসুর ইতিহাসে অনেক নেতাই পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। তবে অনেকে এখনও সংগ্রামে আছেন। এটাই শিক্ষাঙ্গনের রাজনীতি ও জাতীয় রাজনীতির বাস্তবতা।
তার ভাষায়, বড় দল ছাড়া ডাকসু নির্বাচিতরা রাজনীতিতে ভালো করতে পারেনি। যা বর্তমান ছাত্র রাজনীতির ভবিষ্যত নিয়েও কিছুটা শঙ্কার ইঙ্গিত দেয়।
ভোরের আকাশ/মো.আ.