খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে: ডা. জাহিদ হোসেন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, দেশেই বিএনপি চেয়ারপারসনের সুচিকিৎসা নিশ্চিতের ব্যাপারে মেডিকেল বোর্ড আশাবাদী। বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, গত শুক্রবার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি ও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সেসময় ফ্লাই করার উপযুক্ত না থাকায় আমরা তাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি।
তিনি বলেন, তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা যেন তিনি (খালেদা জিয়া) পেতে পারেন, সেজন্য চিকিৎসকদের পরামর্শক্রমে চিকিৎসা অব্যাহত রয়েছে। আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সদস্যরাও আশাবাদী যে তার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে প্রয়োজনে তাকে যেকোনো সময় দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, অনেকে সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে বিভিন্ন ধরনের কথা বলেন। কিন্তু আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই যেন, খালেদা জিয়ার মতো এমন একজন নেত্রীর বিষয়ে আবেগ বা অনুভূতি প্রকাশ করতে গিয়ে যেন বিভ্রান্তি সৃষ্টি না করি। আমরা বলতে চাই তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন তেমন সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা তিনি পাচ্ছেন।
ভোরের আকাশ/এসএইচ