জুলাই সনদ ও গণভোট ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন ময়দানে জামায়াতে ইসলামীসহ ৮ দলের সমাবেশে তিনি এই কথা বলেন।
বাকশালপন্থিদের প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে মামুনুল হক বলেন, আজ আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত—এক ভাগ ‘৭২-এর বাকশালপন্থি’, আরেক ভাগ ‘জুলাই বিপ্লবপন্থি’। ৭২-এর পরাজিত বাকশালপন্থিরা আগামী নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমি ঘোষণা করতে চাই, নভেম্বর কোনো বাকশালপন্থিকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না। যদি কেউ নামবার অপচেষ্টা চালায়, আমরা তাদের রাজপথে মোকাবিলা করবো।
নির্বাচনের আগে গণভোট চান জানিয়ে মাওলানা মামুনুল হক বলেন, ‘জুলাই সনদ’ আগামীর বাংলাদেশের রূপরেখা। অবিলম্বে এটিকে আইনি ভিত্তি দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে।
মামুনুল হক বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, এক দল জুলাই সনদ বাস্তবায়ন না করে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাইছে। আমরা রক্ত দিয়েছি ৭১ এ, আমরা রক্ত দিয়েছি ২০১৩, আমরা রক্ত দিয়েছে ২০১৫ তে, আমরা রক্ত দিয়েছে ২০২৪ এ। আমাদের মুখোমুখি হবেন না।
তিনি আরও বলেন, পরিষ্কার ঘোষণা করি, রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছি প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে। বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে না। রক্ত বিপ্লবে আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না। আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি। রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি। রক্ত দিয়েই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব।
ভোরের আকাশ/এসএইচ