জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে: এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষকে শিখিয়েছে যে দেশে কোনো ফ্যাসিস্ট সরকারের স্থান হতে পারে না। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে এর সঙ্গে জড়িত সবার ঐক্যবদ্ধ থাকতে হবে।
রোববার (৩ আগস্ট) বিকালে রাজধানীর শাহবাগে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ছাত্রদলের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষকে শিখিয়েছে, দেশে কোনো ফ্যাসিস্ট সরকারের স্থান হতে পারে না। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে এর সঙ্গে জড়িত সবার ঐক্যবদ্ধ থাকতে হবে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বর্তমান ছাত্রদল নেতাকর্মীদের আশির দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, তৎকালীন সময়েও রাজনৈতিক অস্থিরতা ও নানা সংকট ছিল। তেমনি আজকের ছাত্রদল বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং নানা নির্যাতন ও জুলুমের শিকার হওয়া সত্ত্বেও তারা জুলাইয়ের আন্দোলন সফল করতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে হেলমেট বাহিনী ছাত্রলীগের কোনো অবস্থান থাকতে পারে না। জুলাই আন্দোলন জানিয়ে দিয়েছে যে এ দেশে শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে, তা না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতারা। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশ সঞ্চালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
ভোরের আকাশ/এসএইচ