খালেদা জিয়া-তারেক-ফখরুল ও ৭৮ শহীদকে সম্মাননা দেবে যুবদল

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠান।
অনুষ্ঠান থেকে গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো যুবদলের ৭৮ শহীদ পরিবারকে দেওয়া হবে সম্মাননা, উপহার ও আর্থিক অনুদান। শহীদ পরিবারের পাশাপাশি এই অনুষ্ঠান থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মাননা দেওয়া হবে বলে উল্লেখ করেন জাতীয়তাবাদী যুবদল আবদুল মোনায়েম মুন্না।
রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদল সভাপতি আবদুল মোনায়েম বলেন, অনুষ্ঠানে কোনো সাংগঠনিক শক্তি প্রদর্শন হবে না। বরং জুলাই শহীদদের সম্মান জানাতেই এই আয়োজন।
যুবদল সভাপতি বলেন, এ ছাড়া চব্বিশের গণ-অভ্যুত্থানকে গতিশীল ও বিভিন্ন দেশে প্রবাসীদের সংগঠিত করে ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করতে ভূমিকা রাখা যুবদলের ১২ জন প্রবাসী নেতাকে সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি যুবদলের ছয়জন নেতাকে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হবে। জুলাই আন্দোলন চলাকালে দায়িত্ব পালনকারী সব মহানগর ও জেলা ইউনিটের নেতাদের দেওয়া হবে সম্মাননা। জুলাই গণ-অভ্যুত্থানের ছয়টি বিশেষ স্থানে ইতিমধ্যে যুবদল গ্রাফিতি অঙ্কন করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আবদুল মোনায়েম বলেন, ইতিমধ্যে যুবদলের উদ্যোগে ঢাকা মহানগরীর ১০টি আর্ট স্কুলের প্রায় ১ হাজার ৫০০ শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শীর্ষ ৫০ জনকে কৃতিত্বের সনদ ও উপহারসামগ্রী দেবে যুবদল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই-আগস্টকে যারা কুক্ষিগত করার চেষ্টা করছে, তাদের উদ্দেশে যুবদল সভাপতি আবদুল মোনায়েম বলেন, ‘আপনারা নিজেদের কণ্ঠকে সংযত করুন। কারণ, রাজনীতিতে সব সময় দুইয়ে-দুইয়ে চার হয় না। রাজনীতির মাঠ গরমের চেষ্টা করবেন না। যুবদল জনগণের পালস বুঝে কর্মসূচি পালনের চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এনামুল হক, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, যুবদল নেতা মজিবুর রহমান সবুজ, মাহফুজুর রহমান, গিয়াস উদ্দিন মামুন, মো. মামুন ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জাআ