ভরাডুবি হবে বলেই খুচরা পার্টি নির্বাচন চায় না: শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু বলেছেন, ভরাডুবি হবে বলেই কিছু খুচরা পার্টি নির্বাচন চায় না। তিনি বলেন, কিছু খুচরা পার্টি আছে, আসলে নির্বাচনে জয় পাওয়া তাদের কোনো সম্ভাবনা নেই। তারা এখনই ভাল আছে, তারা অবৈধভাবে কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজের সম্পত্তি মনে করছে। সেইজন্যে তারা নির্বাচন চাচ্ছে না।
রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘জনতার অধিকার পার্টির’ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ প্রমূখ।
শামসুজ্জামান দুদু বলেন, দেশে এখন জবাবদিহিমূলক একটি সরকারের দরকার। এই জবাবদিহিমূলক সরকার পেতে হলে একটি ভালো নির্বাচন দরকার। এই ভালো নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন। তাকে চিকিৎসা পর্যন্ত হাসিনা করতে দেয় নাই। মিথ্যা মামলায় তাকে ছয় বছর জেলে রেখেছিল।
তিনি বলেন, বাংলাদেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে। সেই মুক্তি স্থায়ী ভিত্তি দিতে হলে ভালো, সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। গত ১৬ বছর ছিল না, এখনো নাই। তবে সরকার বলেছে তারা প্রতিজ্ঞাবদ্ধ, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমরা অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছি।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা বলেছি এই সরকারকে সমর্থন করছি। অন্যান্য দলও করছে। নির্বাচন কে চাইলো আর কে চাইলো না, সেদিকে না দেখে এদেশের শিক্ষার্থী ও জনতা যে কারণে জীবন বাজি রেখে, জীবন দিয়ে স্বৈরাচারকে পতন করেছে সেটা বাদ দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, এ আগস্ট মাসে আমাদের শপথ নিতে হবে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ আন্দোলনের সমাপ্তি হবে না। কারণ জবাবদিহিমূলক সরকার মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকে, মানুষের কথা শুনতে বাধ্য হয়, দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পায়, আইন মেনে চলে এবং বিশ্বের সমর্থন লাভ করে। আগামীতে গণমুখী রাজনৈতিক ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে নির্বাচিত সরকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে।
ভোরের আকাশ/এসএইচ