খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে দিনাজপুর-৩ (সদর) আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার (৮ নভেম্বর) বিকাল ৫টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গণঅধিকার পরিষদের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। দিনাজপুর গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন।
নুরুল হক নুর বলেন, এ জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান-শ্রদ্ধা দেখিয়ে জামায়াতের আমির, ইসলামী আন্দোলনের পীর সাহেবসহ জাতীয় নেতৃবৃন্দ, যারা গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কার আলাপ-আলোচনার নেতৃত্ব দিচ্ছে এবং আগামীর বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবেন, সেই সব জাতীয় নেতৃবৃন্দের এলাকায় রাজনৈতিক দলসমূহ প্রার্থী না দিয়ে নতুন উদাহরণ বা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারেন।
তিনি বলেন, ২৪-এর অভ্যুত্থানের আগে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ কেউ সভা-সমাবেশ করতে পারিনি। এখন রাজনৈতিক দলগুলো সভা-সভাবেশ করছে, কেউ কোনো বাধা দিচ্ছে না।
তিনি আরও বলেন, ৫০ বছরের পুরোনো রাজনীতি, দুর্নীতি আপনারা দেখেছেন। যারাই ক্ষমতায় গেছে সবাই একই পথে হেটেছে। তাই তরুণদের ভোট দিয়ে পরিবর্তন আনতে হবে। তরুণরাই পারবে আগামীর বাংলাদেশকে বদলে দিতে। এবারের রক্ত আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না।
এ সময় চিনিকলসহ বন্ধ হয়ে যাওয়া সব কলকারখানা পুনরায় চালু করার দাবি জানান নুরুল হক নুর। সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহীদুল ইসলাম ফাহিম, হানিফ কান রাজিব, নির্বাহী সদস্য মো. কামাল প্রমুখ।
এর আগে, বেগম খালেদা জিয়ার আসনে কোনও প্রার্থী দেবে না বলে ঘোষণা দেয় চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনায় গঠিত জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি)। গত ৪ নভেম্বর এ ঘোষণা দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, খালেদা জিয়ার আসনে আমরা কোনো প্রার্থী দিচ্ছি না। তিনি প্রার্থী হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। তার আপসহীন ও লড়াকু নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে।
ভোরের আকাশ/এসএইচ