৫ আগস্ট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন: জামায়াত আমির

কালের কণ্ঠ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-এর দুই পর্বের সাক্ষাৎকার প্রকাশ করেছে। সাক্ষাৎকারে গণ-অভ্যুত্থানের পর সরকার গঠন ও অন্তর্বর্তী সরকারের সময়ের গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে এসেছে।
৫ আগস্টের গণ-অভ্যুত্থানের দিনে শেখ হাসিনা দেশ ছাড়ার পর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে ছিলেন ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। কালের কণ্ঠে সাক্ষাৎকার প্রকাশের পর জামায়াত আমিরের দাবি, ৫ আগস্টের বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছু চেপে গিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন জামায়াত আমির।
তিনি বলেন, ‘৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি।’

জামায়াত আমির বলেন, ‘কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।’
ভোরের আকাশ/এনএস