খালেদা জিয়ার জানাজা দুপুর ২টায়

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল এ কথা জানান।
এদিকে, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানীসহ জেলায় জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার ভোরে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ থাকলেও শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি।
ভোরের আকাশ/এসএইচ