সন্ত্রাসবিরোধী আইনে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেপ্তার

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আটক হওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি জানান, লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে আজকের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে শাহবাগ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
জানা যায়, রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। যদি গণফোরামের পক্ষ থেকে বিষয়টি নাকচ করা হয়েছে।
এদিন ডিআরইউতে ‘মঞ্চ ৭১’-এর অনুষ্ঠানে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন যুবক অনুষ্ঠানস্থলে গিয়ে লতিফ সিদ্দিকী ও অন্যান্য উপস্থিত ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন এবং মিলনায়তনে প্রবেশ ও অবস্থান ঠেকানোর চেষ্টা করেন। তার পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম গত ৫ আগস্ট আত্মপ্রকাশ করেছে। বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিদের সমন্বয়ে এ মঞ্চ গঠিত হয়। অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এ প্ল্যাটফর্মের সমন্বয় করছেন।
ভোরের আকাশ/এসএইচ