ঠান্ডার দিনে স্বাদ ও পুষ্টিতে ভরপুর নুডলস স্যুপ

শীতের বিকেলে এক বাটি গরম স্যুপ শরীর ও মনে এনে দিতে পারে প্রশান্তি। বাইরে হালকা ঠান্ডা বাতাস, ঘরে আরামদায়ক পরিবেশ—এমন সময়ে নুডলস স্যুপ হতে পারে দারুণ এক খাবার। তবে শুধু স্বাদের কথা ভাবলেই চলবে না, স্যুপে শাকসবজি, প্রোটিন ও পরিমিত নুডলসের সমন্বয় থাকলে তা হতে পারে পুষ্টিকর ও স্বাস্থ্যকর বিকেলের নাশতা।
শীতকালে অনেকেরই গরম খাবারের প্রতি আগ্রহ বাড়ে। এ সময় সবজি দিয়ে তৈরি নুডলস স্যুপ সহজে তৈরি করা যায় এবং পরিবারের ছোট-বড় সবার কাছেও এটি জনপ্রিয় হতে পারে। বিশেষ করে গাজর, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি ও শিমের মতো মৌসুমি সবজি স্যুপে যোগ করলে খাবারে বৈচিত্র্যের পাশাপাশি বাড়ে পুষ্টিগুণ।
প্রয়োজনীয় উপকরণ
- ১ প্যাকেট (হোল হুইট বা আটা/ডিম/রাইস নুডলস হলে বেশি স্বাস্থ্যকর)
- গাজর, ফুলকপি, ব্রকলি, ক্যাপসিকাম, কড়াইশুঁটি বা পছন্দসই শীতকালীন সবজি কুচি (১ কাপ)
- ডিম (১টি) অথবা সেদ্ধ মুরগির মাংসের কিমা/টুকরো (আধা কাপ)
- রসুন কুচি (১ চা চামচ), আদা কুচি (আধা চা চামচ), কাঁচামরিচ কুচি (স্বাদ অনুযায়ী), গোলমরিচ গুঁড়ো (১/২ চা চামচ)
- চিকেন স্টপ বা সাধারণ পানি (৩-৪ কাপ)
- অলিভ অয়েল বা সরিষার তেল (১ চা চামচ) এবং স্বাদমতো লবণ
প্রস্তুত প্রণালী
১. প্রথমে কড়াইতে বা সসপ্যানে ১ চা চামচ তেল গরম করে রসুন ও আদা কুচি দিয়ে হালকা সোনালী করে ভেজে নিন। এরপর এতে কেটে রাখা গাজর, ব্রকলি, ক্যাপসিকামসহ অন্যান্য সবজি দিয়ে মিনিট দুয়েক হালকা আঁচে নাড়াচাড়া করুন।
২. এবার সবজির মধ্যে চিকেন স্টক বা পানি ঢেলে দিন। লিকুইড ফুটে উঠলে তাতে সেদ্ধ মুরগির মাংস (যদি ব্যবহার করেন), কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়ো এবং লবণ যোগ করুন।
৩. ঝোল ফুটে উঠলে তাতে নুডলস দিয়ে দিন। নুডলস ও সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করুন।
৪. নুডলস সেদ্ধ হয়ে এলে একটি ডিম ভালোভাবে ফেটিয়ে ওপর থেকে আস্তে আস্তে ঢেলে দিন এবং হালকা হাতে নেড়ে দিন (ডিমের ডালপালা তৈরি হবে)।
৫. সুপ ঘন হয়ে এলে ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি বা লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিন।
স্বাস্থ্যগত উপকারিতা
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর শীতের সবজি শীতকালীন সর্দি-কাশি থেকে শরীরকে রক্ষা করে।
হজমশক্তি বৃদ্ধি ও ওজন নিয়ন্ত্রণ: হালকা ও তরল খাবার হওয়ায় এটি সহজে হজম হয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যা বাড়তি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
শরীরে উষ্ণতা যোগায়: গরম সুপ ও গোলমরিচের সংমিশ্রণ শীতের দিনে শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং ভেতরের উষ্ণতা বজায় রাখে।
প্রক্রিয়াজাত সস বা প্যাকেটজাত মশলা এড়িয়ে প্রাকৃতিক উপাদানে তৈরি এই নুডলস সুপটি শিশু থেকে বয়স্ক সবার জন্যই অত্যন্ত উপকারী। বিকেলের আড্ডায় বা হালকা ক্ষুধায় এক বাটি গরম নুডলস সুপ নিশ্চিতভাবেই আনন্দ বহুগুণ বাড়িয়ে দেবে।
ভোরের আকাশ/জেআ