বন্যায় বিশুদ্ধ পানি পাবেন যেভাবে, জেনে নিন সহজ কিছু উপায়

দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপদ খাবার পানির সংকট দেখা দিয়েছে। চারদিকে পানি থাকলেও বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েডসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি। তাই বন্যার সময় পানি বিশুদ্ধ করার সঠিক পদ্ধতি জানা জরুরি।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, পানি বিশুদ্ধ করার কার্যকর কিছু উপায়—
পানি ফুটিয়ে পান করুন
পানি ফুটে ওঠার পর আরও ১৫–২০ মিনিট ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা করে ব্যবহার করুন।
বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করুন
ফুটানোর সুযোগ না থাকলে তিন লিটার পানিতে একটি বিশুদ্ধকরণ ট্যাবলেট মিশিয়ে অন্তত এক ঘণ্টা অপেক্ষা করুন।
ফিটকিরি ব্যবহার
এক কলসি পানিতে সামান্য ফিটকিরি মিশিয়ে দুই থেকে তিন ঘণ্টা রেখে দিন। ময়লা নিচে জমে গেলে ওপরের পরিষ্কার পানি ব্যবহার করুন।
আয়োডিন ব্যবহার
এক লিটার পানিতে নির্ধারিত মাত্রায় আয়োডিন মিশিয়েও পানি বিশুদ্ধ করা যায়। তবে এটি অবশ্যই নির্দেশনা মেনে ব্যবহার করতে হবে।
হ্যালোজেন ট্যাবলেট
তিন লিটার পানিতে একটি হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে এক ঘণ্টা অপেক্ষা করলে পানি পানযোগ্য হয়।
বৃষ্টির পানি সংগ্রহ করুন
বৃষ্টি শুরুর প্রায় ১০ মিনিট পর পরিষ্কার পাত্রে সরাসরি আকাশ থেকে পড়া পানি সংগ্রহ করা যেতে পারে। তবে ছাদ বা গাছের পাতা বেয়ে পড়া পানি ব্যবহার না করাই ভালো।
সূর্যের আলো ব্যবহার
স্বচ্ছ বোতলে পানি ভরে কয়েক ঘণ্টা তীব্র রোদে রাখলে অনেক জীবাণু নষ্ট হয়। তবে এভাবে বিশুদ্ধ করা পানি দীর্ঘদিন সংরক্ষণ করা উচিত নয়।
নিরাপদ সংরক্ষণও জরুরি
বিশুদ্ধ করা পানি পরিষ্কার ও ঢাকনাযুক্ত কাচ বা স্টিলের পাত্রে সংরক্ষণ করতে হবে। পানি রাখার পাত্র ও গ্লাস পরিষ্কার রাখা জরুরি। এছাড়া ফুটানো পানি দুই দিনের বেশি সংরক্ষণ না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, বন্যার সময় শুধু পানি বিশুদ্ধ করলেই হবে না, সঠিকভাবে সংরক্ষণ এবং নিরাপদ ব্যবহারের অভ্যাসও পানিবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভোরের আকাশ/এনএ