এলজিইডির শিল্প প্রশিক্ষণে আইইউটির ২৫ শিক্ষার্থী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামের আওতায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সিভিল ও এনভায়রনমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের ২৫ শিক্ষার্থীকে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর আগারগাঁওয়ে এলজিইডির সদর দপ্তরের চারতলার সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
তিন সপ্তাহব্যাপী (১৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২৫) আয়োজিত এ প্রশিক্ষণে এলজিইডির অধীনে ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর আওতায় চলমান বিভিন্ন কার্যক্রম এবং জলবায়ু সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন তথ্য শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক কাজী সাইফুল কবীর। এ সময় এলজিইডির সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ ইউনিটের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুস সবুর উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট সাদেকুর রহমান ভূইয়া।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু সহনশীল অবকাঠামো এবং এ বিষয়ে এলজিইডির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
ভোরের আকাশ/জেআ