এইচএসসিতে মাইলস্টোন কলেজের পাসের হার ৯৯.৮৩ শতাংশ

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৯৯ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন। ইংরেজি ভার্সনে পাসের হার শতভাগ।
কলেজ সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৩২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৯ দশমিক ৮৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮৩ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৬ জন পরীক্ষার্থীর পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১২ জন। অন্যদিকে, মানবিক বিভাগ থেকে ৩১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।
ফল প্রকাশের পর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উদযাপনের পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করান তাঁরা।
এ সময় অভিভাবকেরা বলেন, এইচএসসিতে ভালো ফলাফল তাঁদের সন্তানদের স্বপ্ন পূরণে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রত্যাশিত ফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকেরা কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং প্রশাসনিক কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার পরিবেশ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন।
প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য প্রসঙ্গে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, একবার ভালো ফলাফল করা চমক হতে পারে। কিন্তু বছরের পর বছর সেই সাফল্যের ধারা ধরে রাখা এবং ফলাফলের মান আরও উন্নত করা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জের বিষয়। নিয়মানুবর্তিতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মাইলস্টোন কলেজ এ ধারাবাহিকতা বজায় রাখছে।
এইচএসসি পরীক্ষায় অসাধারণ ফল অর্জনের জন্য তিনি কৃতী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান।
ভোরের আকাশ/জেআ