২০ জুলাই এসএসসির ফল প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৮ জুন) রাজধানীর সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন এবং ফলাফল প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে।
তিনি জানান, আগামী ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এসএমএস এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ফল প্রক্রিয়াকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের ভুল বা অনিয়মের সুযোগ না থাকে।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে লাখো শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
ফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২০ জুলাই তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল হাতে পাবেন।
ভোরের আকাশ/জেআ