কুমিল্লা বোর্ডের ৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, জরুরি তলব

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের কম হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট অধ্যক্ষদের মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের জরুরি সভায় সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। শোকজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কুমিল্লা জেলার ৩১টি, নোয়াখালীর ১৫টি, চাঁদপুরের ১৩টি, লক্ষ্মীপুরের ১১টি, ব্রাহ্মণবাড়িয়ার ৫টি এবং ফেনীর ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
বোর্ডের পাঠানো চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৩০ শতাংশের কম শিক্ষার্থী পাস করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যাসহ লিখিত জবাব দিতে হবে। পাশাপাশি ২৪ নভেম্বর সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য সভায় বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্রসহ অধ্যক্ষদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলাভিত্তিক সর্বনিম্ন পাসের হার
বোর্ডের তথ্য অনুযায়ী, কুমিল্লার ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে বাইড়া মো. আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজে। প্রতিষ্ঠানটির পাসের হার ১১ দশমিক ১১ শতাংশ। এ ছাড়া মোহনপুর পাবলিক কলেজে ১২ দশমিক ৫০ শতাংশ, হেসাখাল বাজার নঈম নিজাম ডিগ্রি কলেজে ১২ দশমিক ৬৪ শতাংশ এবং খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৩ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
নোয়াখালীর ১৫টি প্রতিষ্ঠানের মধ্যে থানারহাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ১৩ দশমিক ৩৩ শতাংশ, খলিলুর রহমান ডিগ্রি কলেজে ১৪ দশমিক ৫৩ শতাংশ এবং বাঁধেরহাট আবদুল মালেক কলেজে ১৫ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
চাঁদপুরের ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে বোর্ডের সর্বনিম্ন ১০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে। এ ছাড়া বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে পাসের হার ১২ দশমিক ৭৯ শতাংশ।
লক্ষ্মীপুরের ১১টি প্রতিষ্ঠানের মধ্যে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজে ১০ দশমিক ০৮ শতাংশ, জিল্লুর রহিম কলেজে ১১ দশমিক ৮১ শতাংশ এবং দত্তপাড়া ডিগ্রি কলেজে ১৩ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ৫টি প্রতিষ্ঠানের মধ্যে মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজে ১৯ দশমিক ৩৫ শতাংশ এবং কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজে ২১ দশমিক ৬০ শতাংশ পাসের হার রেকর্ড করা হয়েছে।
ফেনীর ৪টি প্রতিষ্ঠানের মধ্যে খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৪ দশমিক ২৯ শতাংশ এবং আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৭ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
শোকজের নোটিশ পাওয়া কয়েকজন অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে জানান, এ বছর প্রথমবারের মতো সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। প্রশ্নপত্রের জটিলতায় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও বিপাকে পড়তে হয়েছে। তাদের দাবি, মফস্বলের অধিকাংশ প্রতিষ্ঠানে ইংরেজি, গণিত, আইসিটি ও বিজ্ঞান বিষয়ে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের তীব্র সংকট রয়েছে। এমন পরিস্থিতিতে জটিল প্রশ্নপত্রে ভালো ফল আশা করা কঠিন।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, ফল বিপর্যয়ের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে। সভায় তাদের সঙ্গে সরাসরি কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং কীভাবে ফলাফল আরও ভালো করা যায়, সে বিষয়ে সবার মতামত নেওয়া হবে। তবে কারও জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।
ভোরের আকাশ/আ.র