ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখ পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধান উপদেষ্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিস্তারিত তুলে ধরেন।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেন— ডাকসু নির্বাচন যেন নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে হয়, সেই লক্ষ্যেই প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, জুলাইয়ের হত্যাযজ্ঞে জড়িতদের বিচার দ্রুত এগিয়ে যাওয়ায় পরাজিত শক্তিগুলো আরও উগ্র হয়ে উঠছে। এটি কেবল আইনশৃঙ্খলার প্রশ্ন নয়, বরং জাতীয় নিরাপত্তার বিষয়। তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য সক্রিয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, দেশের স্বার্থে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা মনে করেন, জাতীয় নিরাপত্তার জন্য জনগণের সঙ্গে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, আসন্ন দুর্গাপূজায় পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। গত বছর দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ইতিবাচক ছিল, তাই এ বছরও আগাম প্রস্তুতি নিয়ে নিরাপত্তা জোরদার করতে হবে।
ব্রিফিংয়ে জানানো হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্ম মন্ত্রণালয় ধর্মভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করবে। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় ও পর্যবেক্ষণও বাড়ানো হবে।
এছাড়া স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হতে, জুলাই হত্যাকাণ্ড পরবর্তী রাজনৈতিক ঐক্যকে দৃঢ় রাখতে এবং দলগুলোর পারস্পরিক সম্পর্ক সুসংহত রাখতে আহ্বান জানানো হয়। নির্বাচনকালীন সময়ে যেকোনো নিরাপত্তাজনিত অঘটন এড়াতে কঠোর সতর্কতা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে। বেআইনি মিছিল-সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/হ.র