বিড়ালদহ কলেজ পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ শিক্ষামন্ত্রীর

আকস্মিক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আকস্মিকভাবে কলেজটিতে গিয়ে শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। এ সময় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শন শেষে মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখা এবং শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
এ সময় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ