১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আগামী ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হবে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে।
১৯৮৫ সালের ওই দুর্ঘটনায় মোট ৪০ জন নিহত হন। তাঁদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। এ ঘটনায় আরও অনেকে আহত হন। নিহত শিক্ষার্থী, কর্মচারী ও অতিথিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবস পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
শোক দিবস উপলক্ষে সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন, সব হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাজ ধারণের কর্মসূচি থাকবে।
সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র্যালি বের হবে। র্যালিটি জগন্নাথ হল স্মৃতিসৌধে গিয়ে শেষ হবে। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হবে।
সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনস্থ টিভি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’সহ সব হল মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হবে।
হল প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিহতদের তৈলচিত্র ও তাঁদের স্মৃতিসংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও দ্রব্যাদি প্রদর্শন করা হবে।
শোক দিবসের সব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ভোরের আকাশ/জেআ