ডাকসু নির্বাচন ঘিরে সাইবার হামলার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সাইবার হামলার অভিযোগ এনেছেন ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই উভয়পক্ষ তাদের প্রার্থীদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার অভিযোগ আনেন। সকালে ছাত্রদল সমর্থিত ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি ডিজেবল হওয়ার খবর পাওয়া যায়। পরে একবার উদ্ধার করলেও দুপুরে পুনরায় তার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। একইভাবে প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামীম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের অ্যাকাউন্টও ডিজেবল হয়। পরে যদিও সেগুলো ফেরত পাওয়া যায়।
ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেন, আমার আইডিটিও লক করা হয়েছিল। পুনরুদ্ধার করতে পেরেছি। কতক্ষণের জন্য টিকতে পারবো জানি না। আবিদ ভাই- হামীমের আইডি ভেরিফায়েড ছিল। আমার আইডি ভেরিফায়েডও না। আমাদের এভাবে পরাজিত করা সম্ভব যদি কেউ ভাবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের সাইবার অ্যাটাক আর চলমান সাইবার বুলিংয়ের জবাব দেবে।
শিবির সমর্থিত ভিপিপ্রার্থী আবু সাদিক কায়েমের অ্যাকাউন্টও ডিজেবল করে দেওয়ার অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। প্যানেলের গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসাইন খানের অ্যাকাউন্টও ডিজেবল করে দেওয়া হয়েছে। পাশাপাশি শিবিরের মহানগর সভাপতি রেজাউল করীম শাকিলের অ্যাকাউন্টও ডিজেবল করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। এবারের নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬২ জন নারী ও ৪০৯ জন পুরুষ প্রার্থী রয়েছেন। ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, বামজোট, ছাত্র অধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ বিভিন্ন দল ও জোট নির্বাচনে প্যানেল দিয়েছে। পাশাপাশি বহু স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোরের আকাশ/এসএইচ