ইউরোপ, আমেরিকাকে পেছনে ফেলে বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন করেছে রুয়েট

ইউরোপ, আমেরিকা ও এশিয়ার ১৪টি দেশের গবেষণাপত্রকে পেছনে ফেলে আন্তর্জাতিক সম্মেলনে বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল এবং ২০ ব্যাচের শিক্ষার্থী মো. আবু তালহা রনি যৌথভাবে এ পুরস্কারটি অর্জন করেন।
তাদের গবেষণার বিষয় ছিল ‘অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য স্বয়ংক্রিয় আকাশযান ও ফিল্ড রোবোটিক্স’।
গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘রাইকন ২০২৬’ পঞ্চম আইইইই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রোবটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস বিষয়ক এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪ দেশের গবেষকেরা অংশ নেন।
দুই দিনব্যাপী সম্মেলনে রোবটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংসের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণালব্ধ ফলাফল, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়।সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১৮ সেপ্টেম্বর সকালে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
ভোরের আকাশ/আ.র