শাল্লায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের শাল্লায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মন্নান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার নিজগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল মন্নান উপজেলার আটগাঁও গ্রামের বাসিন্দা। তিনি আজব আলীর পক্ষের লোক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটগাঁও গ্রামের রূপ মিয়া ও আজব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম সংলগ্ন একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আজব আলীর পক্ষের আব্দুল মন্নান গুরুতর আহত হয়ে নিহত হন। দুপক্ষের ১০-১২ জন আহত হয়েছে। আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে।
খবর পেয়ে শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/আ.র