নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা চত্বরের সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণ শেষে নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস। সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল।
স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এ সময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তবে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন ও সংরক্ষণে মৎস্যচাষিদের আরও মনোযোগী হতে হবে। তা না হলে অনেক দেশীয় মাছ বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশীয় মাছের প্রজননক্ষেত্র ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণের পাশাপাশি পরিকল্পিতভাবে মাছ চাষ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তারা। আলোচনা সভা শেষে সফল তিনজন মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়।
ভোরের আকাশ/সু.পা