ঘাটাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ

‘দ্রুত মাছের উৎপাদন বাড়াই, সমৃদ্ধ দেশ গড়ি’—এই প্রত্যয়ে টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ চলবে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য মো. নূরকর রহমান খান আজাদ। এতে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ চাষ, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বাড়ানোর পাশাপাশি জলাশয় ও মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সফল মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষের মূল লক্ষ্য হলো দেশের মৎস্যসম্পদের উৎপাদন ও সংরক্ষণ বাড়ানোর পাশাপাশি টেকসই ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
ভোরের আকাশ/সু.পা