ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠনে কাজ করছে সরকার: এমপি ফয়সল

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, বিগত সরকার দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে দিয়ে গেছে। বর্তমানে সেই অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনসহ দেশের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে।
শনিবার (১৯ সেপ্টেম্ব) দুপুরে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগানে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
এমপি ফয়সল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করে মানুষের আর্থসামাজিক উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। বিগত সরকারের সময়ে দেশে পরিকল্পিত উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে এবং রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো নষ্ট হয়েছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে এসব পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। দেশের চা শ্রমিকসহ দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি নেওয়া হয়েছে।
চা শ্রমিকদের দেশের অর্থনীতি ও চা শিল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে এমপি ফয়সল বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও চা শ্রমিকেরা কাজ করেন। তাঁদের জীবনমান ও কর্মপরিবেশের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। চা শ্রমিকদের মধ্যে বিভিন্ন উপকরণ ও সহায়তা সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ এবং চা শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব