নওগাঁয় চাঁদাবাজির বিরুদ্ধে রিকশা-ভ্যান শ্রমিকদের আন্দোলন

চাঁদাবাজি বন্ধ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নওগাঁয় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন রিকশা-ভ্যান শ্রমিকরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ মুক্তির মোড় সংলগ্ন নওজোয়ান মাঠের পূর্ব পাশের সড়কে রিকশা-ভ্যান শ্রমিকরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, প্রতিদিন রিকশা-ভ্যান নিয়ে সড়কে চলাচলের সময় বিভিন্নভাবে চাঁদা আদায়ের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে সড়কে চলাচলরত রিকশা-ভ্যান শ্রমিকদের হয়রানি বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান আন্দোলনকারীরা।
রিকশাচালক মালেক হোসেন, রেজাউল করিম ও সাদ্দাম হোসেন বলেন, “আমরা হাড়ভাঙা পরিশ্রম করে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। এরপরও বিভিন্নভাবে আমাদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। আমরা এই জুলুম ও চাঁদাবাজি বন্ধের দাবি জানাই।”
নওগাঁ শহর রিকশা শ্রমিক সমিতির সভাপতি আব্দুস সালাম পিন্টু ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, শ্রমিকদের ওপর চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার দাবি জানান তারা।
আন্দোলনকারীরা চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
ভোরের আকাশ/সু.পা