জি-৩ রাইফেল, গুলাবারুদ ও ওয়াকিটকি উদ্ধার,আটক ৩ রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে দুটি জি-৩ রাইফেল, ৪২টি গুলি, দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের বহনকারী একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা টাওয়ার স্টেশন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেদা টাওয়ার স্টেশন বাজার হয়ে রোহিঙ্গা ক্যাম্পে একটি অস্ত্রের চালান নেওয়ার খবর পাওয়া যায়। এর ভিত্তিতে সকাল ১০টার দিকে বিজিবির একটি দল লেদা টাওয়ার স্টেশনের বাজার এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক একটি ইজিবাইক থামিয়ে তল্লাশিকালে তাতে থাকা বস্তায় মেটাল ডিটেক্টরের মাধ্যমে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়।
পরে ইজিবাইকসহ তিনজনকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) লেদা বিওপিতে নিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় আলুর বস্তার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্র, গুলি, বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে- দুটি জি-৩ রাইফেল, একটি বড় ও একটি ছোট দেশীয় একনলা বন্দুক, ৪২টি গুলি, একটি ম্যাগাজিন, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট, চার কেজি বিস্ফোরক দ্রব্য, ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, দুটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন। এছাড়া পাচারকাজে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- মো. উসমান বেলাল, মো. মুসলিম ও মো. আনসার আলী। তাঁদের মধ্যে উসমান বেলাল ও আনসার আলী ১ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্প এবং মো. মুসলিম ২৬ নম্বর মোচনি এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি'র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্রের চালান প্রতিহত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হবে।
ভোরের আকাশ/ এনউব