নৈতিকতা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে: এমপি মানিক

শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বলেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টায় চাঁদপুর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মানিক আরও বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি শিক্ষিত, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি পড়াশোনার সঙ্গে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে। মাদক, ইভটিজিংসহ সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
কলেজের শিক্ষক সবিতা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন। এ সময় বক্তব্য দেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান ও প্রথম বর্ষের শিক্ষার্থী সাউদা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন মজুমদার লিটন, মো. সালমান শেখ, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মাল ও সাধারণ সম্পাদক আলমগীর পাটওয়ারী।
এ ছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. আব্দুল্লাহ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রান্ত বিশ্বাস।
ভোরের আকাশ/সু.পা