শত কোটি টাকার কাজ ফেলে উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মনু নদের ওপর ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজাপুর সেতু নির্মাণের কাজ প্রায় পাঁচ বছর আগে শেষ হয়েছে। কিন্তু নির্মাণ শেষ হওয়ার দীর্ঘ সময় পরেও সেতুটি অবহেলায় পড়ে আছে।
এদিকে ৩৮ কোটি টাকা ব্যয়ে সেতুর দুই পাশে সাড়ে সাত কিলোমিটার সংযোগ সড়কের কাজ দীর্ঘ ছয় মাস ধরে ফেলে রেখে উধাও হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল। এ কারণে রাজাপুর সেতু কোনো কাজেই আসছে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হওয়ায় এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবালের কার্যাদেশ বাতিলসহ তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে।
সওজ অধিদপ্তর ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১৮ সালে রাজাপুর পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পটি একনেক সভায় অনুমোদন হয়। পরে সওজ অধিদপ্তর মনু নদের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কাজের ব্যয় ধরা হয় ৯৯ কোটি ১৭ লাখ ৩৮ হাজার টাকা। ৩৪ কোটি টাকা ব্যয়ে 'জন্মভূমি-ওয়াহিদুজ্জামান-নির্মিতি' নামের সিলেটের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২১ সালের জুন মাসের দিকে সেতুর নির্মাণকাজ শেষ করে।
এদিকে ২০২০ সালে কার্যাদেশ পাওয়া প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে সেতুর দুই পাশে সাড়ে সাত কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের কাজ পায় জামিল-ইকবাল নামের সিলেটের আরেকটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২২ সালের এপ্রিল মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণসহ নানা জটিলতা থাকায় পরবর্তী সময়ে তিন দফায় কাজের মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানা হয়।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবালের সাইট ইঞ্জিনিয়ার রাহাত ইসলাম মুঠোফোনে বলেন, কাজ বাতিলের বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব না। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সড়ক বিভাগের লোকজন ভালো বলতে পারবেন।
কাজের তদারকির দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজারের উপসহকারী প্রকৌশলী আল-আমিন বলেন, দীর্ঘ ছয় মাস ধরে কাজ বন্ধ রাখার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবালকে একাধিকবার চিঠি দেওয়া হয়। কিন্তু তারা চিঠির কোনো উত্তর না দেওয়ায় তাদের কাজের চুক্তি বাতিলের সুপারিশ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিলে তাদের কার্যাদেশ জরিমানাসহ বাতিল করা হয়। বর্তমানে কাজের অগ্রগতি ৫১ শতাংশ।
মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারা ও গাফিলতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবালের কার্যাদেশ বাতিল করে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। কাজটি বাস্তবায়নের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন করে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অবশিষ্ট কাজ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমাদের দপ্তরের নিয়ম অনুযায়ী খুব শিগগিরই শুরু করা হবে।
ভোরের আকাশ/সু.পা