ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে গণ অধিকার পরিষদ জেলা শাখার উদ্যোগে জেলা শহরে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় দলটির জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বেরা করা হয়। এ সময় বিভিন্ন স্লেগান দেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্টেশন রোডে জেলা জাতীয় পার্টির অফিস মুখে যাত্রা করলে পুলিশ বাধা দেয়। পরে সেখান থেকে পুরাতন জেলখানা মোড়ে গিয়ে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।
এতে বক্তব্য দেন গণধিকার পরিষদের জেলা সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম, বাংলাদেশ যুব অধিকার পরিষদের জেলা সভাপতি রবিউল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মোনারুল ইসলাম মনাসহ অন্যরা।
বক্তারা বলেন, ৫ অগাস্টের পর থেকে রাষ্ট্রীয় সন্ত্রাসের যে ধারাবাহিকতা দেখছি তা ফ্যাসিবাদ আমলের পুনরাবৃত্তি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের যোদ্ধা নুরের ওপর সেনাবাহিনী যে বর্বরোচিত হামলা চালিয়েছে তার দায় সেনাপ্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে।
অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। সেইসঙ্গে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি জানান বক্তারা।
ভোরের আকাশ/জাআ