সিংড়ায় নারী কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে কৃষকের ফসলহানি, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও জীবিকা সংকট দিন দিন প্রকট হচ্ছে।
অথচ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়নে কৃষি খাত পাচ্ছে না প্রয়োজনের তুলনায় যথাযথ বরাদ্দ। এমন বৈষম্য দূর করে কৃষকদের জন্য ন্যায্য জলবায়ু অর্থায়ন, সরাসরি অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং নীতিনির্ধারণী পর্যায়ে কৃষকের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি উঠেছে নাটোরের সিংড়ায় অনুষ্ঠিত কৃষক সমাবেশ থেকে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে সিংড়া উপজেলার চলনবিল এলাকায় প্রায় ২০০ বছরের পুরোনো বটগাছ প্রাঙ্গণে নারী কৃষক অধিকার সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ‘কৃষক থেকে ক্রেতা’ শীর্ষক ব্যানারে দিনব্যাপী উন্মুক্ত পণ্য প্রদর্শনী ও বাজার কার্যক্রমের আয়োজন করা হয়।
এতে স্থানীয় নারী কৃষক, কৃষক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য বাস্তবভিত্তিক অর্থায়নের সুনির্দিষ্ট নিশ্চয়তা না আসার প্রেক্ষাপটে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ শীর্ষক সপ্তাহব্যাপী দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, ফিডা নিউজ, ইনডিপেনডেন্ট রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি নেটওয়ার্ক (প্রাণ), কৃষক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে কৃষকদের। বন্যা, খরা, অনিয়মিত বৃষ্টিপাত ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। বাড়ছে কৃষকের উৎপাদন ব্যয় ও আর্থিক অনিশ্চয়তা। কিন্তু আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও নীতিনির্ধারণী আলোচনায় কৃষকের বাস্তব অভিজ্ঞতা এবং প্রয়োজন যথাযথ গুরুত্ব পাচ্ছে না।
তারা জানান, গত ৯ নভেম্বর কপ-৩১-এর প্রথম দিন ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত থাকলেও কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার, সময়সীমা কিংবা বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত আসেনি।
এফএও ও ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বের অভিযোজন অর্থায়নের চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট হলেও এ খাতে বরাদ্দ মাত্র ২০ শতাংশ। অন্যদিকে জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে কমে ১৯ শতাংশে দাঁড়িয়েছে।
বক্তারা বলেন, কৃষককে বাদ দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর কোনো রূপান্তর সম্ভব নয়। তাই কৃষকদের প্রয়োজন ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে জলবায়ু তহবিলের অর্থ বণ্টন করতে হবে। কৃষকদের ঋণের বোঝায় না ফেলে সরাসরি অনুদান দিতে হবে, যাতে তারা জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পারেন।
সমাবেশ থেকে আগামী ২০ নভেম্বর কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কৃষি ও খাদ্যব্যবস্থার প্রকৃত চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দের দাবি জানানো হয়।
পাশাপাশি সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে কৃষকদের সরাসরি প্রবেশাধিকার, নবায়নযোগ্য জ্বালানির মালিকানা কৃষকদের হাতে দেওয়া এবং জলবায়ু বিষয়ক সিদ্ধান্ত গ্রহণে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি), জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়। অংশগ্রহণকারীরা এসব দাবি আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরতে বাংলাদেশের প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান।
কসমস সংস্থা নাটোরের নির্বাহী পরিচালক মেহনাজ মালা বলেন, “কৃষকের খবর না নিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত না রেখে কোনো রূপান্তর হতে পারে না। জলবায়ু মোকাবিলার নামে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া চলবে না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকদের কার্যকর অংশগ্রহণ।”
কর্মসূচিতে কসমস সংস্থা নাটোরের নির্বাহী পরিচালক মেহনাজ মালাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, নারী কৃষক ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/রই