কেসিসির ১৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার সাত্তার বিশ্বাসের ইন্তেকাল

খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও কেসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাসের পিতা আব্দুস সাত্তার বিশ্বাস (৮৬) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (১২ অক্টোবর) ভোর ৬টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুম আব্দুস সাত্তার বিশ্বাস নূরনগর বিশ্বাস পাড়া এলাকার মৃত আব্দুর রহমান বিশ্বাসের বড় ছেলে। তার মৃত্যুর খবর পেয়ে সকাল থেকে বিশ্বাস বাড়িতে বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে।
বিকেল ৫টায় নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, মরহুমের ছোট ভাই সাবেক এমপি আব্দুল গফ্ফার বিশ্বাস, সাবেক কাউন্সিলর কাজী রাশেদ, সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, মুশফিকুর রহমান মুশফিক, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, নাগরিক নেতা শেখ আব্দুল হালিম, বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ, শের আলম সান্টু, স্বেচ্ছাসেবকদলের মহানগর সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইশতি, মহানগর ছাত্রদলের আহবায়ক তাজিম বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর তিনি প্রথম ১৬নং ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন।
ভোরের আকাশ/ইউএম